দেড় বছর ধরে পরিচ্ছন্নতাকর্মীর বেতন তুলে নেন প্রধান শিক্ষক!

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬

দুর্গাপুর উচ্চ বিদ্যালয় (ছবি– প্রতিনিধি)

অসুস্থ পরিচ্ছন্নতাকর্মীর হাতের টিপসই নিয়ে পুরো চেকবই নিজের কাছে রেখে মাসের পর মাস তার বেতন তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের বিরুদ্ধে। পরিচ্ছন্নতাকর্মী প্রতাপের স্ত্রী পুতুল রানীর অভিযোগ, দেড় বছর ধরে তার বেতন তুলে নিচ্ছেন উৎপল কান্তি সরকার। শুধু বেতন নয়, তিনি উৎসবভাতার টাকাও হাতিয়ে নিয়েছেন। চেকবই এক মাস উৎপল কান্তির কাছে ছিল বলে দাবি করে বেতন তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের উত্তর-পশ্চিম কোণে এক জায়গায় ঘর করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী শ্রী প্রতাপ। প্রায় দুই বছর ধরে অসুস্থ তিনি। প্যারালাইজড হওয়ার কারণে তিনি স্পষ্ট করে কথাও বলতে পারেন না।

প্রতাপের স্ত্রী পুতুল রানী বলেন, ‘প্রতাপ নিয়মিত কাজ করতে না পারায় তার ছোট বোন বকুল বিদ্যালয় পরিচ্ছন্নতার কাজ করে; মাঝে মাঝে প্রতাপের ছেলে ও ছেলের বউ প্রতাপের পরিবর্তে দায়িত্ব পালন করে। কিন্তু মাস শেষে প্রতাপের বেতন তুলে নেন প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার। বিনিময়ে প্রতাপের বোনকে মাসে দুই হাজার টাকা দেওয়া হলেও প্রতাপ বা ছেলে ও ছেলের বউকে কোনও টাকা দেওয়া হয় না। প্রায় দেড় বছর ধরে এমনটাই করছেন প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার।’

পুতুল আরও বলেন, ‘আমরা স্কুলের জায়গায় থাকি। স্কুল থেকে বিদ্যুতের তার টেনে আমরা ঘরে আলো জ্বালাই। আমার স্বামী অসুস্থ, কথা বলতেও পারে না। অফিসের দরকারের কথা বলে হেড স্যার আমার স্বামীর টিপসইসহ চেকবই জমা নিয়েছেন। দেড় বছর থেকে আমাদের কোনও বেতন দেন না। এর মধ্যে একবার বেতন ৪৫ হাজার টাকা তুলে আমাদের মাত্র ১৫ হাজার টাকা হাতে দিয়েছেন। বাকি টাকা কারেন্ট বিলের জন্য কেটে নিয়েছেন। গেলো ঈদে সবার সঙ্গে আমাদের বেতন-বোনাস হলেও হেড স্যার কোনও টাকা দেন নাই। দেড় বছরে শুধু গত মাসে (আগস্ট) নিজেদের বেতন তুলতে পারছি। এতদিন আমাদের কোনও বেতন দেওয়া হয় নাই।’

দুর্গাপুর উচ্চ বিদ্যালয় (ছবি– প্রতিনিধি)

প্রতাপের টিপসই করা চেকবই বারবার ফেরত চেয়েও না পেয়ে শেষে লিখিত আবেদন করলে গত সপ্তাহে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার তা ফেরত দেন বলে অভিযোগ করেন পুতুল রানী।

এ ব্যাপারে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, ‘প্রতাপ অসুস্থ হয়ে যখন স্বাক্ষর করতে পারেনি, তখন তার বেতন বন্ধ ছিল। পরে তার বেতন নিয়মিত হলে তার টাকা তুলে দেওয়া হয়েছে। আমার কাছে তার চেকবই একমাস জমা ছিল। পরে তার স্ত্রী দরখাস্ত করে সেটা ফেরত নিয়েছে।’ তবে পরিচ্ছন্নতাকর্মী প্রতাপের বেতন না দেওয়ার বিষয়টি অস্বীকার করেন প্রধান শিক্ষক।

তিনি আরও দাবি করেন, ‘সে (প্রতাপ) কাজ করতে না পারায় তার বোন বকুল কাজ করে। আমি বলেছি, তার বেতন থেকে মাসে চার হাজার টাকা বকুলকে দিতে। বাকি টাকা সে নিজে নেয়।’

তবে প্রতাপের ছোট বোন বকুল জানান, মাস শেষে প্রধান শিক্ষক তাকে দুই হাজার টাকা দিলেও এক হাজার টাকা কেটে নেন বিদ্যুৎ বিলের নাম করে। অথচ তারা বাড়িতে লাইট জ্বালানো ছাড়া বিদ্যুতের আর কোনও ব্যবহার করেন না।

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে অন্যদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার বলেন, ‘এটা নিয়ম নয়, তবে স্কুলের স্টাফ হিসেবে তাদের এই সুবিধা দিয়েছি।’

বিদ্যালয়ের মোট বিদ্যুৎ বিলের সিংহভাগ পরিচ্ছন্নতাকর্মীর বেতন থেকে কেটে নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘তারা সেটা নিয়মিত দেয় না।’

এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম চাঁদ বলেন, ‘আমি সদ্য দায়িত্ব গ্রহণের পর প্রতাপের পরিবার আমাকে এসব অভিযোগ দিয়েছে। আমি ইতোমধ্যে প্রধান শিক্ষককে বলে প্রতাপের চেকবই ফেরতের ব্যবস্থা করেছি। বাকি অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের