গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে তিন রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে আল আমিন ওরফে আলাল নামে ১৮টি মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র।
শনিবার (২ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার সাঁতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান।
গুলিবিদ্ধ আল আমিন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে।
মোস্তাফিজার রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে সাঁতারপাড়া গ্রামে মাদক উদ্ধারে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এসময় ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে সদর ও পলাশবাড়ীসহ বিভিন্ন থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আল আমিনের দেওয়া তথ্যে অনুযায়ী আরও মাদক উদ্ধার ও তার সহযোগীদের গ্রেফতারে ঢোলভাংগা বাজারে যাচ্ছিল পুলিশ। পথে সাকোয়া ব্রিজ এলাকায় লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার সহযোগীরা। তাদের হামলায় নজরুল ও রবিউল নামে দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ গুলি ছুড়লে সহযোগীরা পালিয়ে যায়। তবে আল আমিন গুলিবিদ্ধ হন। আল আমিন এবং পুলিশ সদস্য নজরুল ও রবিউলকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।








