দিনাজপুরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক ৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় ফুলবাড়ি-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে এসব মাদক ধ্বংস করা হয়।
ফুলবাড়ি-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শরীফ উল্লাহ আবেদ জানান, গত ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে মোট ৪ কোটি ৯২ লাখ ৯ হাজার টাকার মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৪১ হাজার ২৬০ বোতল ফেন্সিডিল, ৩৫০ বোতল বিদেশি মদ, ২৫ কেজি গাঁজা, ১ হাজার ২৬৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৮৮ হাজার ২৮৯টি যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ, ৯২৫টি ইয়াবা, সাড়ে ৫ কেজি মদ তৈরির ট্যাবলেটসহ বিভিন্ন মাদক।
এর আগে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরিফুল্ল্যাহ আবেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজিউর রহমান প্রমুখ।








