প্রেমের টানে সীমান্তরেখা অতিক্রম করে ভারতীয় কিশোরী প্রবেশ করেন বাংলাদেশে। বিষয়টি জানতে পারেন বর্ডার গার্ডস অব বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে ওই কিশোরীকে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত দিয়ে ভারতীয় ওই কিশোরীকে ফেরত পাঠানো হয়। বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদ-উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় কিশোরী নুর নাহার খাতুন (১৪) প্রেমের টানে কুরুষাফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগর মিয়ার (১৮) বাড়িতে চলে আসে। নুর নাহারের বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোঠাল গ্রামে। তার বাবার নাম নুর ইসলাম। বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের মাধ্যমে কিশোরীকে উদ্ধার করে বিজিবি। পরে শুক্রবার বিকালে উপজেলার কুরুষাফেরুষা সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৬-এর পাশে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়।
পতাকা বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের শিমুলবাড়ি ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজ। ভারতীয় দলের নেতৃত্ব দেন ৩৮ ব্যাটালিয়নের বসকোঠাল ক্যাম্পের ইন্সপেক্টর কে. আর. সিং। এ সময় দুই দেশের স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








