ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের জিরো লাইন থেকে বুদ্ধিপ্রতিবন্ধী সেই ভারতীয় নাগরিকের লাশ নিয়ে গেছে বিএসএফ। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশি ভেবে তাকে পিটিয়ে হত্যা করে বিএসএফ সদস্যরা। সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক এবং বিজিবি’র কূটনৈতিক তৎপরতার পর রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ লাশটি ফেরত নিয়ে যায়। দিনাজপুর ৪২ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান এসব তথ্য জানান।
নাহিদুজ্জামান বলেন, ‘ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর বিওপির কাছে নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা মিনাপুর বিজিবিকে খবর দেন। বিজিবি সদস্যরা পরে পুলিশের সাহায্যে লাশটি উদ্ধার করেন। বিজিবি এবং বিএসএফ’র মধ্যে আলোচনার পর লাশ বিএসএফের ফেরত নেওয়ার কথা থাকলেও বিএসএফ লাশটি নিতে দেরি করে। গত দু’দিন লাশটি একইস্থানে পড়ে ছিল। পরে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভুইয়া বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের স্টাফ অফিসার গরাজের সঙ্গে ফোনে লাশটি দ্রুত নিয়ে যেতে অনুরোধ করেন। এরপর বিএসএফ লাশটি ফেরত নিয়ে যায়।’
উল্লেখ্য, গত শনিবার লাশটি উদ্ধার করে হরিপুর থানা পুলিশ। এ ব্যাপারে বিজিবি সূত্র বিএসএফ’র বরাত দিয়ে জানায়, নিহত ব্যক্তি ভারতীয়। সে মানসিক ভারসাম্যহীন ছিল। সে ওই সীমান্ত এলাকার গাছতলায় বসে থাকতো। তাকে বাংলাদেশি ভেবে পিটিয়ে মারে বিএসএফ।
আরও পড়ুন...
সীমান্তে বুদ্ধিপ্রতিবন্ধী ভারতীয় নাগরিককে পিটিয়ে মারলো বিএসএফ








