প্রখ্যাত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ৫ লাখ নারী ধর্ষণের শিকার হন। তিনি বলেন, ‘আমরা যখন স্বাধীন হই। তখন বলা হতো নারী ধর্ষিত হয়েছে ৮ থেকে ১০ লাখ। এটি আমি রেডিওতে শুনেছি। আস্তে আস্তে এটা ২ লাখে আসে। গবেষণায় পেয়েছি নারী ধর্ষিত হয়েছে ৫ লাখের বেশি এবং হাইকোর্টের রায়ে এই সংখ্যাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া মাঝাপাড়া এবং নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গণহত্যার স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
ড. মুনতাসীর মামুন আরও বলেন, ‘আমরা প্রত্যেকটি জেলার একটি জরিপ করছি এবং জেলা জরিপ করার পরে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি তাতে আমাদের শহীদের সংখ্যা ৩০ লাখের বেশি হচ্ছে।’
তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ একটি অদ্ভুত দেশ। যেখানে স্বাধীনতার পক্ষের শক্তি আছে, স্বাধীনতাবিরোধী শক্তিও আছে। পৃথিবীর কোথাও কিন্তু এমন নেই। কারণ স্বাধীনতা হয়ে গেলে স্বাধীনতাবিরোধী শক্তি আর থাকে না।’
সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনির সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান,সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের, দিনাজপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হকসহ আরও অনেকে।








