সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ শীতে কাঁপছে, আর বিএনপি ভোটের রাজনীতি করছে। তারা আগেও ভোটে হেরেছে, এখনও হারবে। বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা অ্যানালগ বাংলাদেশ চায়।’
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে শীতার্ত মানুষেদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী সৈয়দপুরবাসীর উদ্দেশে বলেন, ‘বিএনপির মতো একটি দল শীতে আপনাদের পাশে আছে? না, তারা নেই। বিএনপির ভোটেও খরা, আন্দোলনেও খরা। মির্জা ফখরুল এখন টেলিভিশনে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করে যাচ্ছেন। তাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি, আর আওয়ামী লীগের রাজনীতি জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি।’
তিনি বলেন, ‘বিএনপি মানে অন্ধকার, বিএনপি মানে ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসী দল। বিএনপি গরিবের সরকার নয়। তারা কোটিপতির সরকার।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলেছেন শীতে একটি মানুষও যেন কষ্ট না পায়। বন্যা-খরায়ও আপনাদের পাশে ছিল আওয়ামী লীগ, এখনও থাকবে। প্রয়োজন হলে আরও কম্বল বরাদ্দ দেওয়া হবে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রংপুর মহানগরসহ নয় জেলায় ৫০ হাজার কম্বল বিতরণ করেছেন। এর মধ্যে সৈয়দপুর উপজেলায়ই ৩০ হাজার কম্বল বিতরণ করেছেন।








