নীলফামারীতে গরুবোঝাই নসিমনের ধাক্কায় মোরসালিন ইসলাম হাসিব (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসিব সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের আব্দুর রাজ্জাক বাদশার ছেলে। সে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আহত দুই গরু ব্যবসায়ী হলেন, শফিকুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম (৫০)। তাদের বাড়ি জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামে।
ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় ১০টি গরুসহ ব্যবসায়ী মশিউর রহমান ও নছিমনটি আটক করা হয়েছে। তবে নছিমনের চালক ময়নুল হক (২৮) পলাতক রয়েছে।’
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানায়, ইটাখোলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গরুবোঝাই নসিমনটি নীলফামারীর যাওয়ার পথে হাসিবকে ধাক্কা দেয়। এসময় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নীচে পড়ে যায়। এতে দুইজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।








