রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসাই সরকারের মূল উদ্দেশ্য। এদের সম্পৃক্ত করে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাধান্য দিচ্ছে সরকার। এরা যেন পিছিয়ে না থাকে, সেজন্য তাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য মাল্টিপারপাস ফাউন্ডেশনসহ চারতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়েছে।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে প্রধানমন্ত্রীর দফতরের অর্থায়নে নির্মিত বোদা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক মাল্টিপারপাস কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ যেন দ্রুত ও সহজে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যমুনা সেতুর ওপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তি আগামী মার্চেই স্থাপন করা হবে। ২০২৩ সালের মধ্যেই এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ রেলপথকে ডাবল লাইনে উন্নীত করা হবে। চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ শিগগিরই শুরু হবে। এর পাশাপাশি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ির সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হবে।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘যারা ধর্মকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে উন্নয়ন কর্মকাণ্ডকে হালকা করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
মো. নূরুল ইসলাম বলেন, ‘দেশের কোনও মানুষ যাতে বেকার না থাকে এজন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ২১ বছর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় দেশ অনেক পিছিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী গত ১১ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছেন।’
রেলমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে সরকার যাদের জমি আছে কিন্তু ঘর নির্মাণের সামর্থ্য নেই এমন ৬৮ হাজার অসহায় পরিবারকে সরকারি খরচে পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।’ দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাকর জাতি হিসেবে পরিণত হয়েছে। তিনি সবাইকে উন্নয়নের সহায়তার আহ্বান জানান।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মাল্টিপারপাস কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বক্তব্য রাখেন।








