দেশের বিভিন্ন এলাকায় ওয়াজের নামে খালেদা জিয়া ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি শোনা যায়। ওয়াজের নামে খালেদা-সাঈদীর মুক্তি দাবি আসলে ইসলামের মুক্তি নয় বলে মন্তব্য করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। শনিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঠাকুরগাঁও জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিরীন আখতার বলেন, ‘সারা বাংলাদেশে যে ওয়াজ চলে সেসব ওয়াজ মাহফিলে সবার আগে আক্রমণ আসে নারীদের ওপর। আক্রমণ আসে বাংলার সংস্কৃতির ওপর। আমাদের মেয়েরা স্কুল-কলেজে পড়তে পারবে কিনা তা তারা নির্ধারণ করে দেন। শফী হুজুর বলেন, স্কুল কলেজে যেসব মেয়ে পড়ে তারা খারাপ কাজ করে। মেয়েদের লেখাপড়া বন্ধের বিষয়ে তিনি নসিহত করেন।’
এসব বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারা দেশে প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদ তৈরি করছে সরকার। অতীতের তুলনায় ইসলাম চর্চা বেশিই হচ্ছে এখন। এরপরও যদি বলা হয় ইসলাম চলে যাচ্ছে, ধর্ম চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এসব নিয়ে দেশে একটি মহল ষড়যন্ত্র করছে।’
জাসদের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রাজিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান বাদশা। সম্মেলনে কণ্ঠভোটের মাধ্যমে অধ্যক্ষ রাজিউর রহমানকে সভাপতি ও মোমিনুল হক মনিকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করে ঠাকুরগাঁও জেলা জাসদ জেলা কমিটি গঠন করা হয়।








