হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ‘ইমপোর্ট পারমিট’ দেওয়ার কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। আগামী দুই-এক দিনের মধ্যে ব্যবসায়ীদের এই পারমিট দেওয়া হবে। রবিবার (১ মার্চ) হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন প্যাথোলজিস্ট মাহমুদুল হাসান মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মাহমুদুল হাসান বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধ রেখেছিল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। তবে সম্প্রতি ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটি থেকে আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইপি পারমিট সরাসরি ঢাকা থেকে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন। তবে এখনও হিলি স্থলবন্দরের অনুকূলে কোনও আমদানিকারককে আইপি দেওয়া হয়নি। আগামী দুই-একদিনের মধ্যে আইপি দেওয়া হবে বলে ঢাকা অফিস সূত্রে জানতে পেরেছি।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত। এরপরই পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে অনলাইনে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন আমদানিকারকরা। আমি নিজেও এক হাজার টন পেঁয়াজ আমদানির জন্য আইপি চেয়ে আবেদন করেছি। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ২৫ হাজার টনের মতো পেঁয়াজ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন। তবে এখনও পারমিট দেওয়া শুরু হয়নি।’








