করোনার সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। কিন্তু তারা সরকারি সেই নির্দেশনা মানছেন না। দেশের প্রায় সব জায়গা থেকেই বিদেশ ফেরতদের বাইরে ঘোরঘুরি করার খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ে তেমন ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও রোডে শাহেদ নামে এক ইতালি ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টিনে না থেকে দোকানে আড্ডা দিতে দেখা গেছে। তার আড্ডার ছবি ফেসবুকে প্রকাশের পর তিনি বাড়িতে ফিরে যান এবং হোম কোয়ারেন্টিনে থাকা শুরু করেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে পর্যন্ত বিদেশ ফেরত ১০ জনের একটি তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার আদেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এর আগে বুধবার (১৮ মার্চ) বিদেশ ফেরত ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে ২৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যারা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘এ ব্যাপারে কোনও ক্ষমা নেই। যে কেউ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে।’








