প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত তিন জনই পুরুষ। তারা কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁও এসেছিলেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা মাহফুজার রহমান সরকার। আক্রান্তদের ২ জন হরিপুরে এবং ১ জনকে পীরগঞ্জে নিজ এলাকায় আইসোলেশনে রাখা হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন।
এদিক রোগী শনাক্তের পর ঠাকুরগাঁও জেলা লকডাউন করা হয়েছে। জেলার ডিসি কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন ) ঘোষণা করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৪র্থ দফায় আমরা ৯ জনের নমুনা শুক্রবার রংপুর মেডিক্যালে পাঠাই। ৩ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৪ দফায় পরীক্ষা করা হয়েছে এ জেলার ৬৮ জনের নমুনা। যাদের শনাক্ত করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২২ বছর। তারা ৩ জনই নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদের নিজ নিজ গ্রাম লকডাউন করা হয়েছে।








