গাইবান্ধায় আরও দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন সাদুল্ল্যাপুরের ও অপরজন সাঘাটা উপজেলার। শানাক্ত দুই জনই সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন আট জন।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুননবী লাইজু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় চারজন শরীরে নভেল করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে দুই জনের বাড়ি গাইবান্ধার সাদুল্ল্যাপুর ও সাঘাটা উপজেলায়।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মণ্ডল জানান, করোনা শনাক্ত এক যুবকের (২৫) বাড়ি ছত্রগাছা গ্রামে। কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে সর্দি-জ্বরে অসুস্থ হয় সে। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বর্তমানে সে নিজ বাড়ির আইসোলেশনে আছে। এছাড়া তার সংস্পর্শে থাকা পরিবারের লোকজনসহ আশপাশের কয়েক পরিবারের লোকজনকেও হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সাঘাটা উপজেলার করোনা শনাক্ত ৩০ বছরের যুবকের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে ১৩ এপ্রিল পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৮০৩ জন।








