দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত মোস্তাফিজুর রহমানের (৩৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মোস্তাফিজুর রহমান বিরামপুর উপজেলার ভবানীপুর মুন্সিপাড়ার বাসিন্দা।
এই সংঘর্ষে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একই হাসপাতালে আব্দুল বাকী নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আরও ৪ জনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে ভবানীপুর মুন্সিপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে আব্দুল বাকীসহ ছয় জন গুরুতর আহত হন। আহত অপর চার জন হলেন—মনিরুজ্জামান, আনজেমান, আব্দুল লতিফ ও মেজবাউল।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মোস্তাফিজুর রহমান মারা যান। এর আগে সকালে আব্দুল বাকী নামে আরেকজনের মৃত্যু হয়েছে।







