রাস্তায় মাটি ফেলে বাঁশের বেড়া দেওয়ায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া গ্রামের বেশ কয়েকটি পরিবার। প্রতিপক্ষরা জমি দখল করতে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদসহ পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২ মে) অভিযোগে জানা গেছে, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকার বৃদ্ধ রহমত আলী প্রধানসহ কয়েকটি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে ওই এলাকায় থাকেন। পাশে চা বাগান থাকায় তাদের যাতায়াতের একমাত্র রাস্তা সেটি। গত বুধবার (২৯ এপ্রিল) বিকালে মাসুম আলীর লোকজন রাস্তার মাটি ভরাট করে। এই সময় রহমত আলী প্রধানসহ কয়েকজন মাটি ভরাট করলে চলাচলে অসুবিধা হতে পারে বলে জানায়। এতে মাসুম ক্ষুব্ধ হয়ে রাস্তায় মাটি ফেলে বাঁশের বেড়া দিয়ে দেয়।
ভূক্তভোগী রহমত আলী প্রধান জানান, আমাদের বাড়ির একপাশ দিয়ে রাস্তা অপরদিকে চাবাগান ও নালা। এই রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরে চলাচল করছি। চলাচলের আর কোনও রাস্তা নেই। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
ভুক্তভোগী মামুন প্রধান নামের এক ব্যবসায়ী জানান, রমজান মাসে রোজা রেখে জরুরি কোনও কাজে আমরা যেতে পারছি না। এখানে ছয়টি পরিবার অবরুদ্ধ আছি। চাকলাহাট ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েও কোনও ফল পাইনি।
অভিযুক্ত জেলা পরিষদের গ্রন্থাগারিক মাসুম আলী জানান, রাস্তাটি আমাদের পৈতৃক জমি। আমরা আমাদের জমি দখল করেছি। আমরা কাউকে বাঁধা দেইনি।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি পঞ্চগড় থানা পুলিশকে তদন্ত করার জন্য বলেছি।








