কুড়িগ্রামের উলিপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ‘পথের দিশারী যুব ও ছাত্র সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (৫ মে) দুপুরে পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামের কৃষক হেলাল উদ্দিনের ৬০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
কৃষক হেলাল উদ্দিন বলেন, 'পথের দিশারী যুব ও ছাত্র সংঘের সদস্যরা স্বেচ্ছাশ্রমে আমার ৬০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হয়েছে। এই বিপদে ছেলেগুলো এগিয়ে এসেছেন। আমি তাদের জন্য দোয়া করি।'
পথের দিশারী যুব ও ছাত্র সংঘের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশ বলেন, 'কৃষক হেলাল উদ্দিন টাকার অভাবে জমির ধান কাটতে না পারায় আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে ভালো লাগছে। এভাবেই সংকটে থাকা অন্য কৃষকদের সাধ্যমতো সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।'








