পঞ্চগড়ের করোনা আক্রান্তরা যাতে সাহস ও মনোবল না হারান তাই তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের গিফট বক্স আর বার্তা পৌঁছে যাচ্ছে তাদের বাড়িতে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের পক্ষে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা এই বার্তা ও গিফট বক্স পৌঁছে দিচ্ছেন।
শুক্রবার (৮ মে) জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী পঞ্চগড় সদর উপজেলার ধনদেব পাড়া গ্রামের করোনা আক্রান্ত আইসোলেশনে থাকা রোগীর বাড়িতে গিফট বক্স ও বার্তা পৌঁছে দেন। এ পর্যন্ত জেলার চার উপজেলার ১১ জন করোনা পজিটিভ রোগীর বাড়িতে গিফট বক্স ও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গিফট বক্সে লেখা ছিল ‘ভয় নেই, জেলা প্রশাসন আপনার পাশে আছে। সাহস ও মনোবল হারাবেন না, করোনা হারবেই, আপনিই জিতবেন।’
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী জানান, গিফট বক্সে চাল, ডাল, লবণ, চিনি, তেল, চিড়া, নুডলস ও ফল রয়েছে। পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনার পাঠানো প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্রও আছে। গিফট বক্স হস্তান্তরের সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারের প্রতি অনেকেই অমানবিক আচরণ করছেন। এতে অনেক রোগী সাহস ও মনোবল হারিয়ে ফেলছেন। তারা যাতে সাহস ও মনোবল নিয়ে আইসোলেশনে থাকতে পারেন সেই জন্যেই এই উদ্যোগ।’








