দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে চালু হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। করোনা পরিস্থিতির কারণে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের আমদানি-রফতানির এই স্থলবন্দরটি গত ২৭ মার্চ বন্ধ হয়ে যায়।
শনিবার (১৩ জুন) দুপুর থেকে চতুর্দেশীয় এই স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসে। কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও শ্রমিকরা সকলেই কাজে ফিরেন। পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়িতে প্রবেশ শুরু করে।
বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা পণ্যবাহী ট্রাক, চালক ও হেলপাররা মাস্ক, গ্লাভস পরেছেন কিনা, থার্মাল স্ক্যানার দিয়ে তাদের শরীরের তাপমাত্রা মাপা, পুরো ট্রাকটিকে জীবাণুমুক্ত করাসহ স্বাস্থ্যবিধির বিভিন্ন বিষয় দেখ ভাল করেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুভাষ চন্দ্র সাহা আনুষ্ঠানিকভাবে সীমান্তের বাঁশ উত্তোলন করে আমদানি-রফতানি কার্যক্রম চালু করেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার কাজী আল তারিক জানান, আমদানি-রফতানি সকালে শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুপুরে শুরু হয়। প্রথম দিনে ভুটানের পাথরবাহী ট্রাকই বেশি প্রবেশে করেছে, তবে কয়েকটি ভারতীয় ট্রাকও এসেছে। স্বাস্থ্যবিধি মেনে ট্রাকগুলোকে স্থলবন্দরের ইয়ার্ডে রাখা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে। দৈনিক ১০০টি ট্রাকের পণ্য আমদানি-রফতানি করা হবে।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাবান্ধা স্থলবন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় ১৩টি শর্ত সাপেক্ষে সীমিত আকারে এই বন্দর চালুর সিদ্ধান্ত হয়।








