চেয়ারম্যান পদে গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনও কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিরসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ২০ হাজার ২৯৭ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ৬০টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. রেকায়েতুল ইসলাম (নৌকা), বিএনপির মো. সাজ্জাদুর রহমান (ধানের শীষ), জাসদের মোস্তফা শেখ (মশাল), স্বতন্ত্র থেকে চশমা প্রতীক নিয়ে মো. গোলাম ফারুক, মশিউর রহমান (আনারস) ও ঘোড়া প্রতীক নিয়ে রেজওয়ান সরকার।
রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০ হাজার ২৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৪২৬ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু মারা যাওয়ায় পদটি শূন্য হয়।








