নীলফামারীর ডোমারে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বন বিভাগের গোমনাতী বিটের বাগান মালি মো. হানিফকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হানিফ উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান।
মামলা সূত্রে জানা যায়, বন বিভাগের গোমনাতী বিটে কর্মরত বাগান মালি হানিফ এক স্কুলছাত্রীকে প্রায়ই অনৈতিক প্রস্তাব দিতো। ঘটনার দিন সকালে ওই স্কুলছাত্রীর বাড়িতে যায় হানিফ। তখন তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার এবং হানিফকে আটক করে। এলাকাবাসী খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোমনাতী বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘তার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’
ওসি জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেছেন।








