আমদানি কম হওয়ার কারণ দেখিয়ে মাত্র একদিনের দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ৩৫-৪০ টাকা করে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েচে। শুক্রবার (৬ নভেম্বর) তা বেড়ে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম হাতের নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়ে যায়। ফলে আমদানি করা কাঁচামরিচের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দামও কমতে থাকে। আমদানিকারকরা লোকসানের ভয়ে বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি আগের তুলনায় খানিকটা কমিয়ে দিয়েছেন। যার কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে। আমদানি বেশি হলে দাম কমবে বলে আমা করেন তিনি।








