নীলফামারীতে সর্বজনীন শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে গুড নেইবারস বাংলাদেশ সিডিপি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় অবস্থিত সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি মোস্তাফিজার রহমান, কাজি আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন, নীলফামারী সু-প্রতিবেশী সমবায় সমিতির সভাপতি শারমীন আক্তার প্রমুখ।
এর আগে কার্যালয় থেকে একটি র্যালি বের করে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। সামাজিক দুরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে শিশু ছাড়াও শিক্ষক, সংস্থার স্বেচ্ছাসেবক ও অবিভাবকরা অংশগ্রহণ করেন।








