দিনাজপুরে প্রেমিকাকে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মাহফুজ আলম ওরফে মানিক নামে প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত মানিক জেলার বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামি মানিকের সঙ্গে একই উপজেলার শীতলাই চৌধুরীপাড়া গ্রামের আব্দুল মালেকের কন্যা রোমানা আক্তার মৌয়ের প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তাদের সম্পর্ক নষ্ট হয়। ২০১৫ সালের ১৬ জুলাই সন্ধ্যার পর ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় মৌয়ের বাড়ির অদূরে কালীরডাঙ্গা নামকস্থানে আসামি মানিক তার গতিরোধ করে। এ সময় মানিক তার সঙ্গে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে মৌকে গুরুতর আহত করে এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৌ মারা যায়।
ঘটনার পরদিন ১৭ জুলাই নিহত মৌয়ের বাবা আব্দুল মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ২৬ জুলাই আসামি মানিক র্যাবের হাতে আটক হয়। পরের দিন তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
দীর্ঘ ৫ বছর মামলা চলার পর রবিবার বিচারক এই রায় প্রদান করেন। মামলাটি আসামি পক্ষে শফিউল আলম ও রাষ্ট্রের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি পরিচালনা করেন।








