পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে মোট ছয় জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আপন দুই ভাই মো. আজগড় আলী ও মো. আবু তালেব রয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর প্রার্থী মো. আবু তালেব। তিনি জানান, বড় ভাইকে বলেছিলাম প্রার্থী না হতে। কিন্তু সে উল্টো আমাকে বলেছে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে। যে কেউ প্রার্থী হতে পারে। আমিও প্রার্থী হবো।
এই বিষয়ে কাউন্সিলর প্রার্থী বড় ভাই আজগড় আলীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কাউন্সিলর পদে বড় ভাই মো. আজগড় আলী উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এবার একই ওয়ার্ডে তার আপন ছোট ভাই মো. আবু তালেব টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচনে করছেন।
এই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কাউন্সিলর মো. সফিকুল ইসলাম (গাজর), মো. জাকির হোসেন (পানির বোতল), মো. দিনার চৌধুরী (পাঞ্জাবি) ও মো. মহব্বত আলী (ডালিম)।
এদিকে দুই ভাই নির্বাচনে অংশ নেওয়ায় ভোটারদের মধ্যে বিভক্তির সৃষ্টি হবে বলে মনে করছেন ভোটারসহ সংশ্লিষ্টরা। আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।








