দিনাজপুরের হিলিতে রেললাইনের জয়েন্ট ভেঙে গেছে। এতে করে ঝুঁকি নিয়ে ধীরে ধীরে ওই পথ দিয়ে চলাচল করছে সকল ট্রেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার হিলির ফকিরপাড়া এলাকায় ৩৩৭ এর ৫/৬ এর মাঝামাঝি স্থানে এই রেললাইনের জয়েন্ট ভেঙে যায়। এদিকে খবর পেয়ে লাইন মেরামতের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী হিলি দফতরের সময় রক্ষক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আজ সকালে রেললাইনের জয়েন্ট ভেঙ্গে যাওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ওই স্থানে ডাবল-প্লেট লাগানো হবে জানিয়ে তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ইতোমধ্যেই সেখানে কাজ শুরু করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেটি সমাপ্ত হয়ে যাবে। কিছুদিন পরে সেখানে নতুন লাইন জয়েন্ট করা হবে। মূলত শীতের কারণেই এই সময়ে রেললাইন ভেঙে থাকে।








