পরিবারের পক্ষ থেকে বিয়ে করানোর উদ্যোগ না নেওয়ায় এক টাইলস মিস্ত্রি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোহেল রানা কয়েক মাস ধরে পরিবারের কাছে বিয়ে করানোর দাবি জানিয়ে আসছিল। তবে বয়স অল্প হওয়ায় তাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান স্বজনরা। বুধবার রাতে কাজে শেষে বাড়ি না ফেরায় তার খোঁজ চলতে থাকে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে জামগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে রাতেই চিরিরবন্দর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার এসআই এমদাদ হোসেন বলেন, কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, মূলত বাবা-মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। সোহেল রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই থানায় একটি ইউডি মামলা হয়েছে।









