গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি চাপায় সহোদর দুই ভাইসহ তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া মর্মান্তিক এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ ও জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা।
শনিবার (২০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, মাটি চাপায় একই সঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনা তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সরেজমিন তদন্ত করে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ জানান, তদন্ত কমিটি গঠনের বিষয়টি অবগত হয়েছি। মাটিচাপায় শিশুর মৃত্যুর ঘটনায় জমির মালিক ও প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ ওঠে। তবে তদন্তে অভিযোগের প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত তিন শিশুর পরিবারকে প্রশাসনের পক্ষে আর্থিক সহযোগিতা করার কথাও জানান তিনি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান, তিন শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের কেউ লিখিত অভিযোগ করেনি। তবে এই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, শুক্রবার (১৯ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের বাড়ির পাশে খেলতে গিয়ে সড়কের পাশের গর্তের মাটিচাপায় মৃত্যু হয় সহোদর দুই ভাইসহ তিন শিশুর। তারা হলো, ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে আব্দুল আলী (৭) ও আবির আলী (৪) এবং তাদের ফুপাতো ভাই একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।
স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে অপরিকল্পিতভাবে জমির মাটি কেটে গভীর গর্তের সৃষ্টি করায়, একই সঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।









