সরকারি গাড়ি ও চালককে নিয়ে গত ৫ দিন ধরে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন বলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শামসুল হকের বিরদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ছুটিতে থাকার পরও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এভাবে সরকারি গাড়ি নিজের নিয়ন্ত্রণে রাখায় লালমনিরহাট স্বাস্থ্য বিভাগে বেশ সমালোচনা হচ্ছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, গত ১০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শামসুল হক স্যার ঢাকার উদ্দেশে রওনা হন।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির চালক রুবেল হোসেনের কাছে ঢাকায় যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার আমাকে যেখানে যেতে বলবেন, আমি তো সেখানে যেতে বাধ্য। স্যার আমাকে নিয়ে এসেছেন। ঢাকায় যাওয়া ঠিক হয়েছে কি হয়নি এ বিষয়ে স্যার বলতে পারবেন। আপনি স্যারের সঙ্গে কথা বলেন।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফসানা আফরোজ বলেন, ‘গত ১০ এপ্রিল তিন দিনের ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুল হক স্যার। তার করোনার দ্বিতীয় ডোজ নিয়ে ফেরার কথা রয়েছে।’
সরকারি গাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে গণমাধ্যমে কিছু বলতে পারছি না। আপনারা উনার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন।’
তবে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল হকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মুলেন্দু রায় বলেন, ‘পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গত ১০ এপ্রিল তিন দিনের ছুটিতে ঢাকায় নিজ বাসায় গেছেন। লালমনিরহাট জেলার বাইরে সরকারি গাড়ি নিয়ে যাওয়ার বিষয়ে তাকে কোনও অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি বিধিবহির্ভূত এ ধরনের অপরাধ করেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’









