করোনাভাইরাস সংক্রমণের সময় কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা ঘরে বসে থাকা বদ্ধ জীবনে মানবিক কাজের মধ্য দিয়ে আনছে মুক্তির স্বাদ। রংপুরে এমন কিছু তরুণ-তরুণী দল বেঁধে নিজেদের চাঁদায় তৈরি করছে ইফতার। বিতরণ করছে সহায় সম্বলহীন দুস্থ মানুষদের মাঝে। তবে বিনামূল্যে দান নয়। প্রতীকী এক টাকা মূল্যে তাদের কাছ থেকে এই ইফতার সামগ্রী কিনে নিচ্ছেন দুস্থ মানুষরা।
বিভাগীয় নগরী রংপুর। আছে বেশ কিছু নামকরা কলেজসহ বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষার্থীর সংখ্যাও অনেক। এখানে সমমনা শিক্ষার্থীদের এক জোট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের ‘আপডেট রংপুর’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নতুন সূর্য’র মাধ্যমে তারা একত্রিত হয়ে এই উদ্যোগ নিয়েছে।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) নগরীর ডিসির মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে অসহায়-দুস্থ মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এসময় মাত্র এক টাকা দিয়ে কয়েকশ’ পথচারী, রিকশাচালক, অসহায়-দুস্থ মানুষ এই ইফতার গ্রহণ করে।
আয়োজকরা জানান, ইফতারের প্যাকেটে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, মুড়িসহ আরও কয়েক পদ রয়েছে।
ইফতার পেয়ে রিকশাচালক জাহাঙ্গীর মিয়া বলেন,‘এক টাকা দিয়েই ইফতার পেয়ে আজ আমি আনন্দে আত্মহারা। লকডাউনের কারণে আয় রোজগার একেবারে কমে গেছে। ইফতার না পেলে শুধু মুড়ি কিনে ইফতার করতে হতো।’
পথচারী তারেক মিয়া বলেন, ‘লকডাউনে মাত্র এক টাকা দিয়ে এমন ইফতারের প্যাকেট পেয়ে আমি খুবই খুশি।’
স্বেচ্ছাসেবী সংগঠন নতুন সূর্য সংগঠনের মুখপাত্র আফ্রিদা জাহিন বলেন, করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন রংপুর নগরীর অনেক মানুষ। তারা চরম মানবেতর জীবন যাপন করছেন। এমন দুর্যোগের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিন ঠিকমতো ইফতার জুটছে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। আর যাতে ফ্রি বা দান মনে না হয় সেজন্য এক টাকা নেওয়া হচ্ছে টোকেন মানি হিসেবে।
ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘আপডেট রংপুর’ এর অ্যাডমিন হাসান আল সাকিব বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। যাদের সামর্থ্য আছে তাদের দুর্যোগে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো দরকার। এই চিন্তা থেকেই আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা মাসব্যাপী হট লাইন নাম্বার চালু করেছি। এখানে ফোন করলেই আমরা অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি।









