দিনাজপুরে ইজিবাইকের ব্যাটারি চুরির উদ্দেশে সাবু মিয়া (৫৫) নামে এক চালককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের দাবি- ওই আসামিরা প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করেছেন।
নিহত সাবু মিয়া শহরের নিমনগর শেখপুরা শেখ জাহাঙ্গীর কবরস্থান এলাকার মৃত. জামাল উদ্দিনের ছেলে। আর গ্রেফতারকৃতরা হলেন নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে সোনা বাবু (২২) ও মৃত আনসার আলীর ছেলে সোহাগ ইসলাম (২৩)।
গতকাল বুধবার ওই আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রাম থেকে বর্গাচাষী জামাল বুড়ার কলাবাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে সাবু মিয়া ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয়। এরপরে তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার বিকেলে ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের একটি কলাবাগানে কলাপাতায় মোড়ানো গলা কাটা ও বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠায়।
অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি জানাজানি হলে নিহতের স্ত্রী বিলকিস বেগমসহ পরিবারের লোকজন মর্গে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। পরে বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আসামি সোনা বাবু ও সোহাগ ইসলাম পরিকল্পনা করছিল সাবু মিয়ার ইজিবাইকের ব্যাটারি চুরি করে বিক্রি করে দেবে। এই পরিকল্পনা অনুযায়ী সাবু মিয়া বাড়ি ফেরার পথে তাকে আলাপের জন্য আটক করে ওই দুইজন। পরে মাদক সেবনের উদ্দেশ্যে সাবু মিয়ার ইজিবাইকে করে শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকায় একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ৩ জন মিলেই মাদক সেবন করে। এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে সোনা বাবু ও সোহাগ ইসলাম ধারালো চাকু দিয়ে সাবু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও এক পর্যায়ে গলা কেটে হত্যা করে। হত্যা নিশ্চিত করে আসামিরা সাবু মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও ইজিবাইক নিয়ে চলে যায়। পরে তারা ফুলবাড়ী উপজেলায় ইজিবাইকটি বিক্রি করার জন্য নিয়ে যায়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। সবশেষ পুলিশ তাদেরকে গ্রেফতার করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, আসামিদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।









