রংপুরে দেশে প্রথম বেসরকারি আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার পীরগাছা উপজেলায় স্থাপন করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়; যার নাম দেওয়া হয়েছে ‘দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয়’। প্রাথমিকভাবে দুই একর জমি ক্রয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (৩০ মে) বিকেলে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান দেবী চৌধুরানী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন। এটি হবে দেশের প্রথম বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয়। দক্ষ ও মেধাবী আইনজীবী গড়ার প্রত্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুরে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। জেলার পীরগাছায় মহীয়সী নারী দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত স্থানে বিশেষায়িত এই আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
আলমগীর হোসেন আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত আইন বিষয়ে বিশেষায়িত কোনও একক বিশ্ববিদ্যালয় নেই। যদি দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় তবে এটি হবে দেশের ইতিহাসে প্রথম আইন বিশ্ববিদ্যালয়।
ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান খন্দকার রফিক হাসনাইন বলেন, আমরা বেসরকারি আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য প্রয়োজনীয় দু’কোটি টাকা সরকারি তহবিলে জমা দেব। আপাতত রংপুর নগরীতে একটি বড় ভবন ভাড়া নিয়ে আইন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে চাই। প্রয়োজনীয় অনুমতি পেলে যত দ্রুত সম্ভব শিক্ষার্থী ভর্তিসহ ক্লাস শুরু করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন, সদস্য আফরোজা শারমিন কনা ও পংকজ কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।









