করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন চললেও নিষেধ না থাকায় অবলীলায় বসছে কোরবানির পশুর হাট। এ হাটগুলোতে নেই স্বাস্থ্যবিধির বালাই। স্বাস্থ্যবিধি না মানায় পঞ্চগড়ে পশুর হাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৩ জুলাই) জেলার সদর উপজেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি শেষে জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে আলোচনা সাপেক্ষে পশুর হাট বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
বৈঠকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ইউএনও মো. আরিফ হোসেন, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, হাট ইজারাদার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম জানান, পশুর হাট বন্ধ নিয়ে আলাদা কোনও নির্দেশনা ছিলো না। সারাদেশের মতো পঞ্চগড়েও কঠোর লকডাউন মানলেও রাজনগড় পশুর হাটে স্বাস্থ্যবিধি মানাতে কঠিন হচ্ছিলো। তাই হাট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে এখন থেকেই রাজনগড় পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে জেলা অন্য পশুর হাটগুলোও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে আপাতত জেলার সব পশুরহাট বন্ধ থাকবে। বিষয়টি প্রত্যেক ইউএনওকে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।









