ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি কেবি পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুইজনের মধ্যে আইয়ুব আলী (৩৫) পঞ্চগড় জেলার বেঙ্গুপাড়া এলাকার বাসিন্দা। নিহত অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন জবেদা, নুরুজ্জামান, আলাউদ্দিন,আখতার হোসেন , সাহাদাত ও সমশের। জবেদার বাড়ি ঠাকুরগাওয়ে ও অন্যদের সবার বাড়ি পঞ্চগড় জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার কেবি পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাকের সঙ্গে রাতে চলাচলকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের মধ্যে থাকে স্টিলের অ্যাঙ্গেল ওই দুইজন বাস যাত্রীর শরীরে ঢুকে গেলে ঘটনাস্থলেই আইয়ুব আলী মারা যান।
গুরুতর আহত আরেক যাত্রীকে স্থানীয় লোকজন সদর হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্পটে থাকা সদর থানার এসআই শামীম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এআর/








