রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৪০ দিনে ৩৭ নারীসহ ৬১০ জনের প্রাণ গেলো।
মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানান। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচ, পঞ্চগড়ের এক, নীলফামারীর এক, কুড়িগ্রামের এক, ঠাকুরগাঁওয়ের এক, দিনাজপুরের দুই এবং গাইবান্ধার তিন জন।
নতুন শনাক্তদের মধ্যে রংপুরের ৭০, পঞ্চগড়ের ২৫, নীলফামারীর ৩৬, লালমনিরহাটের নয়, কুড়িগ্রামের ৪৩, ঠাকুরগাঁওয়ের ৪২, দিনাজপুরের ৪৬ এবং গাইবান্ধার ৩৬ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে, রংপুরের করোনা হাসপাতালের আট এবং দিনাজপুর হাসপাতালের ১৬ আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৩২ হাজার ৫০৬ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪৯ হাজার ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৫৬ জন।
ডা. মোতাহারুল ইসলাম বলেন, এ পর্যন্ত দিনাজপুরে ১৩ হাজার ৪৭৭, রংপুরে ১১ হাজার ১২১, পঞ্চগড়ে তিন হাজার ১২৬, নীলফামারীতে চার হাজার সাত, লালমনিরহাটে দুই হাজার ৪৪৭, কুড়িগ্রামে চার হাজার ৮৮, ঠাকুরগাঁওয়ে ছয় হাজার ৬০২ এবং গাইবান্ধায় চার হাজার ২২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।








