নীলফামারীতে এক কলেজছাত্রী (২২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, ডেঙ্গু আক্রান্ত ওই ছাত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে না চাওয়ায় বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি না হলে আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠাবো।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর একটি কলেজে পড়েন ওই ছাত্রী। ৯ আগস্ট ঢাকায় করোনার টিকা নেওয়ার পরদিন থেকে তার জ্বর আসে। ১৪ আগস্ট ঢাকা থেকে বাড়ি যান তিনি। জ্বর না কমায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করা হয়। করোনা নেগেটিভ এলেও ডেঙ্গু ধরা পরে তার।
কলেজছাত্রীর বাবা বলেন, মেয়েকে বাড়িতে আলাদা ঘরে মশারির ভেতরে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করবো।









