হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম আবারও বেড়েছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছিলো। তবে বর্তমানে তা বেড়ে ৩৫-৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকায় বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে রবিবারই পেঁয়াজের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। সোমবার (৮ নভেম্বর) আবারও দাম বাড়ানোর ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও খুচরা ব্যসায়ীরা।
আমদানিকারক মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মূলত বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। তবে আগামী দুই-একদিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে।
তিনি আরও বলেন, ভারতের মোকামগুলোতে চার দিন ধরে লোডিং কার্যক্রম বন্ধ ছিল। বন্ধের আগে যেসব ট্রাক লোড অবস্থায় ছিল শুধুমাত্র সেগুলোই দেশে আসছে। এর ফলে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কমে গেছে। পেঁয়াজ লোডিং শুরু হয়েছে, আগামী দুই-তিন দিনের মাথায় ওইসব ট্রাক দেশে প্রবেশ করবে।
স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গত কয়েকদিন ধরে পেঁয়াজের আমদানি কমেছে। তবে এ সপ্তাহেই আমদানি স্বাভাবিক হলে দাম কমে আসতে পারে বলে জানান তিনি।








