গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গৃহবধূ রোজিনা বেগমকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দায়ে সবুজ ফকির (৩৮) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিল আসামি। সবুজ ফকির সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। রোজিনা বেগম একই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফারুক আহমেদ প্রিন্স জানান, মামলার একমাত্র আসামি সবুজ ফকির আদালতে আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ ছাড়া মামলায় আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সবুজ ফকিরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পাওনা টাকার জেরে ২০১৮ সালের ৯ এপ্রিল রোজিনা বেগমের পথরোধ করে সবুজ। এ সময় সবুজ ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সবুজ ফকিরকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সবুজ ফকিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।








