গাইবান্ধার গোবন্দিগঞ্জে ছোট ভাই সাগর সরকার শাওনকে হত্যার দায়ে বড় ভাই তানজির আহম্মেদকে ফাঁসির আদশে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমকি এ রায় দেন। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা হয়।
আসামি তানজির আহম্মেদ (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফারুক আহম্মেদ প্রিন্স। তিনি বলেন, ‘ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামি তানজির। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাকে ফাঁসির আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, তানজির আহম্মেদের স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ উঠে। এর জের ধরে ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে সাগরকে পাশের পলাশবাড়ি উপজেলার একটি নির্জন স্থানে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তানজির। পরে লাশ একটি বায়োগ্যাস প্ল্যান্টের ভেতরে রাখা হয়। পরদিন স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় অপর বড় ভাই বেনজীর আহম্মেদ পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় তানজিরকে। পরে পুলিশ তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট পাঠায়।
এদিকে, রায়ের সময় আদালতে আসামি তানজির আহম্মেদের পক্ষে কোনও আইনজীবীকে দেখা যায়নি। রায় ঘোষণার পর আদালত চত্বরে আসামির স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।









