দিনাজপুরে আবারও ট্রেন দুর্ঘটনা, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২

দিনাজপুরের পার্বতীপুরে আবারও লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়েছে। ট্রেনের ধাক্কায় একজন নিহত এবং আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া ভেলাইপাড় অরক্ষিত রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিলন সরকার (২০)। তিনি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় হাঁস-মুরগির বাচ্চা ব্যবসায়ী।

জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেল স্টেশনের দিকে আসছিল। পথে ঝাউপাড়া গ্রামের পার্বতীপর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং এলাকায় একটি পিকআপ লাইনের ওপর উঠলে ট্রেনটি ধাক্কা দেয়। এতে কিছুদূর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মিলন। আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও পিকআপ চালক দেলোয়ার হোসেন (২২)। পরে তাদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

নিহতের বাবা সেকেন্দার আলী বলেন, আমার ছেলে হাঁস-মুরগির বাচ্চার ব্যবসা করতো। কিশোরগঞ্জ থেকে ওই পিকআপটি হাঁস-মুরগির বাচ্চা নিয়ে এসেছিল। মাত্র ২০ দিন আগে আমার ছেলে কন্যা সন্তানের বাবা হয়েছে। এরই মধ্যে এমন দুর্ঘটনা। ওই রেল ক্রসিংয়ের পাশে বাঁশঝাড় ও গাছপালা থাকার কারণে ট্রেন আসলে দেখা না যাওয়া এবং কোনও গেটম্যান না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই পিকআপের চালক ট্রেনের হুইসেল শোনার পরেও রেলক্রসিং অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। 

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পিকআপ চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত হোসেন বলেন, তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছেছে। এই ঘটনায় ট্রেন চলাচলে কোনও ব্যঘাত ঘটেনি, চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত হয়। এর আগে গত ৫ জানুয়ারি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই রেলক্রসিং পার হওয়ার সময় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ওই ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। এই ঘটনায় আহত হন তিন জন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম