লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণ মামলায় রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
এর আগে, শনিবার রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, জাহাঙ্গীর আলম আঙ্গুরের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি এক নারীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ এনে ওই নারীর বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুন বলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি সকালে শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।









