দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে পিকআপে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করায় ২৬ চালককে ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের ঢাকামোড় এলাকায় পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, সড়ক দুর্ঘটনারোধে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ দ্বিতীয় দিনের মতো সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পিকআপে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে সড়কে চলাচল করায় ও বাড়তি যাত্রী বহনের দায়ে ২৬ চালককে ৩৪ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মঙ্গলবার ২৬ চালককে ২৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু শুধু শাস্তি দিয়ে সমস্যা নির্মূল করা সম্ভব নয়; সবার সচেতনতা দরকার।








