কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। শনিবার (৪ মে) ভোরে শহরের জিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মো. আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ধাক্কা দেওয়া ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাকি চালক ও হেলপার পালিয়ে গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন চালক জুয়েল বলেন, বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ধাক্কা লাগে।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’









