জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও খাসাস কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে আগে পরীক্ষণ ও শুল্কায়নকৃত পণ্য বন্দর থেকে ছাড় নিতে পারছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করা হচ্ছে। এ কারণে কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পণ্যের পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে আউটপাশ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সার্ভার বন্ধের বিষয়টি আগে থেকেই সিঅ্যান্ডএফ এজেন্টদের জানা থাকায় আমরা বুধবার আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করেছি। সেগুলোর পরীক্ষণ ও শুল্কায়ন হয়েছে। আজ সেগুলোর খালাস নিচ্ছি। তবে বুধবারের কিছু পণ্যের পরীক্ষণ ও শুল্কায়ন সম্পূর্ণ হলেও আমদানিকারক টাকা না দেওয়ায় সেগুলোর শুল্ক পরিশোধ করা যায়নি। ফলে সেগুলো আজ খালাস নেওয়া যাবে না। নতুন করে বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি করা হচ্ছে, সেগুলোর বিল অব এন্ট্রি সাবমিট করা যাচ্ছে না। পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় ওসব পণ্য বন্দরে আটকা থাকবে।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন। এ কারণে বুধবার রাত ১২টা থেকে কাস্টমস পরিচালিত অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সফটওয়্যার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিকাল পর্যন্ত এটি বন্ধ থাকবে। বিষয়টি নোটিশ দিয়ে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টদের জানানো হয়েছে। বাজেটে অনেক পণ্যের শুল্কহার কম বেশি করা হয়। যেটি ওই দিন থেকেই আমদানি পণ্যের ওপর নতুন শুল্কহার কার্যকর হবে। এজন্য প্রতি বছর এ সময়ে পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকে। তবে বুধবার পরীক্ষণ ও শুল্কায়ন সম্পূর্ণ হওয়া পণ্যগুলোর খাসাস কার্যক্রম চলছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দরে গম, ভুসি ও ভুট্টাসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই ১৩৮টি ট্রাক বুধবার বন্দরে ছিল। এর মধ্যে ১১৫টি ট্রাকের আউটপাশ সম্পূর্ণ হয়েছে। এগুলোর খালাস কার্যক্রম অব্যাহত আছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ অব্যাহত থাকায় বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রয়েছে।’









