গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মোখলেছুর রহমান জানান, গত ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত আদেশের চিঠি গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। সেই চিঠি সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিস চত্বরে একটি পুরাতন ড্রেনের ১৮০০ ইট অন্যত্র স্থানন্তর সংক্রান্ত অভিযোগটি তদন্তে প্রমাণিত হয়। সেহেতু (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ উপধারা (১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল কবির ইট স্থানান্তর সংক্রান্ত একটি অভিযোগ এলজিআরডি মন্ত্রনালয়সহ বিভিন্ন দফতরে পাঠিয়েছিলেন।
বরখাস্তের বিষয়ে শহিদুল ইসলাম বলেন, বরখাস্তের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনও চিঠি পাইনি।
তিনি আরও বলেন, যেসব অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়, আমি সেই অনিয়মের সঙ্গে জড়িত নই। আমি ষড়যন্ত্রের শিকার।
/এআর/








