গাইবান্ধায় আদালতে অসুস্থ হয়ে মারা গেছেন মারপিট মামলায় জামিন পাওয়া এক আসামি। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম তাহের মামুদ (৫৫)। তিনি সাঘাটা উপজেলার পবন তাইড় গ্রামের মৃত্যু তমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, তাহের মামুদের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জুলাই সাঘাটায় থানায় মারপিটের ঘটনায় একটি মামলা করে প্রতিপক্ষ। এই মামলায় তাহের মামুদ তার দুই ছেলে ও ছেলের বউসহ চার জনকে আসামি করা হয়। আসামিরা জামিনে থাকলেও গড় হাজিরার কারণে গত ২২ জুলাই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানায় গত সোমবার (২২ আগষ্ট) রাত ২টার দিকে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেফতার তাহের মামুদসহ চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহের মামুদ। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহের মামুদের আইনজীবী মো. মাজেদুল ইসলাম প্রধান তুহিন। তিনি বলেন, আসামিদের আদালতের হাজতখানায় আনার পরপরই তাদের জামিন আবেদন করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে। শুনানি শেষে তাহের মামুদসহ চার জনের জামিন মঞ্জুর করেন বিচারক কাফি আজাদ। জামিনের ১০-১৫ মিনিট পরেই আসামি তাহের মামুদের মৃত্যুর বিষয়টি জানতে পারি।
গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহাবুব হোসেন বলেন, তাহের মামুদকে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাহের মামুদের ছেলে ফারুক ও সাদ্দাম মিয়া জানান, গত ৬ মাস ধরে বাবা অসুস্থ ছিলেন। রাতে গ্রেফতারের সময় পুলিশের কাছে আকুতি জানিয়েও লাভ হয়নি। দুপুরে আদালতে নিয়ে আসার পরই তার মৃত্যু হয়।









