নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ভিজিডি কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়া ও পরিবহন বাবদ খরচের নামে টাকা আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন ওই নোটিশ দেন। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে ইউএনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রতিজন প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্ত গত জুলাই মাসের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয় ২৩ আগস্ট। এ সময় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান উপকারভোগীদের থেকে পরিবহন খরচের নামে ৩০ থেকে ৪০ টাকা করে আদায় করা হয়েছে। এছাড়া প্রতিজনকে ৩০ কেজির পরিবর্তে ২৭ থেকে ২৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা সেখান থেকে ফিরে এসে লিখিতভাবে বিষয়টি জানান। এরই পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান দাবি করেন, ‘অভিযোগের বিষয়টি সত্য নয়। আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’









