পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা মামলার প্রধান আসামি মো. হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৯ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ জানায়, বিয়ের কথা বলে ৬ আগস্ট গভীর রাতে ওই স্কুলছাত্রীকে ডেকে এনে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকার বন্দরপাড়ার একটি চা বাগানে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িতরা হলো আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মালগোবা গ্রামের মৃত আমিনার রহমানের ছেলে হাসান আলী (২৫), একই গ্রামের সমিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২০), পুরাতন আটোয়ারীর মৃত গিয়াসউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৪৮), ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ (৩০), আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম ওরফে ডিপজল (২৫), খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০) ও কৈলাসের ছেলে অমর (৩০)।
এ ঘটনার পরদিন স্কুলছাত্রীর বাবা আটোয়ারী থানায় সাত জনের নামে ধর্ষণ মামলা করেন। মামলার পর হাসানের বন্ধু রাজু ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার মূলহোতা হাসানকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করলো পুলিশ। রাজু ও সাইফুল বর্তমানে জেলা কারাগারে রয়েছে।
আটোয়ারী থানার পরিদর্শক মো. সোহেল রানা ও পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দীন জানিয়েছেন,
বাড়ি থেকে অটোরিকশায় করে আটোয়ারী যাওয়ার পথে ফায়ার সার্ভিস মোড়ে তাকে গ্রেফতার করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হাসানকে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এ ঘটনার মূলহোতা হাসানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
/এএম/









