পঞ্চগড়ে জমিতে হালচাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে। এতে গুরুতর আহত দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার সাতখামার গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন সমিজউদ্দিনের পুত্র মনসুরুল হক (৭০), তার ছোট ভাই বাবুল হক (৫০) এবং সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী (৬৫) আহত হন। এদের মধ্যে মনসুরুল হক ও বাবুল হককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের মিজানুর রহমানে পক্ষের সঙ্গে টিপু সুলতানের পক্ষের একশ’ একর জমির মধ্যে একশ’ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমানের পক্ষে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করলে টিপু সুলতানের পক্ষ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে হালচাষ অব্যাহত রাখলে টিপু সুলতানের পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও তীর ধনুক নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমানের পক্ষের তিন জন আহত হয় এবং দুটি ট্রাক্টর ভাংচুর করা হয়। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে তীরধনুক, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে দিনে দুপুরে উন্মুক্ত হামলার ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ ও আতংকের সৃষ্টি করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









