নীলফামারীতে এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাসুদ রহমান মাসুম (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার লক্ষ্মীচাপ বন্দর পাড়া দুবাছড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত যুবক ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ওই ছেলেকে স্কুলে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে মাসুম। পরে এ ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেয়। বাড়ি ফেরার পর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর কিশোরের চাচা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, ভুক্তভোগীর চাচার করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আজ দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।








